২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা শুরু হয়।
প্রকাশিত খবর অনুযায়ী, মেসি আর কোনো বিশ্বকাপে অংশ নেবেন না। তবে তিনি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছেন না।
জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের ধীরে ধীরে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিতে আরও কিছু সময় আর্জেন্টিনার হয়ে খেলবেন।
এরপর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের চিন্তা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তার সম্মানে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে দীর্ঘ ক্যারিয়ারে দেশের ফুটবলে রাখা অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হবে।
২০২৬ বিশ্বকাপে বয়সকে উপেক্ষা করে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মেসি। পুরো টুর্নামেন্টে তিনি ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে অন্যতম সেরা পারফর্মার ছিলেন।
যদিও ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সে সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময়ই খোলা থাকবে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির যাত্রা ছিল সাফল্য ও হতাশার মিশেলে গড়া। শুরুর দিকে একাধিক ফাইনালে হারলেও পরে তার নেতৃত্বেই আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়।
দলটি ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতে। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।
এসআর