[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া নতুন ক্লাবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ২:৪৫ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন ক্লাব পেলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া।

৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।

ক্লাব সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ভোজিনিয়া চিলিতে পৌঁছাবেন।

স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোলো কোলোর সঙ্গে প্রায় ১৮ মাসের চুক্তিতে সম্মত হয়েছেন এই গোলরক্ষক। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন।

ভোজিনিয়ার আসল নাম জোসিমার দিয়াস। তবে ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের জার্সিতে তার অসাধারণ গোলকিপিং নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।

টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে শেষ ৩২ পর্যন্ত পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশেষ করে স্পেন ও আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়।

টুর্নামেন্ট শেষে সেরা একাদশেও জায়গা করে নেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

এক সাক্ষাৎকারে ভোজিনিয়া জানিয়েছিলেন, ক্যারিয়ারে আরও এক-দুই মৌসুম খেলতে চান।

পাশাপাশি এমন একটি ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছার কথাও বলেন, যেখানে তার ফুটবলীয় সামর্থ্যকে গুরুত্ব দেওয়া হবে।

বিশ্বকাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

টুর্নামেন্ট শুরুর আগে যেখানে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম, বিশ্বকাপ শেষে সেই সংখ্যা কয়েক কোটিতে পৌঁছে যায়।

ভোজিনিয়ার কোলো কোলোর সম্ভাব্য যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেকেই মনে করছেন, তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের অনেক তরুণকে গোলরক্ষক হওয়ার অনুপ্রেরণা দেবে। ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও এ নিয়ে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন, "The Best."

এসআর

সম্পর্কিত খবর