[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সূচি চূড়ান্ত, ভেন্যু এখনো অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ফাইল

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তবে প্রতিযোগিতাটি কোথায় আয়োজন করা হবে, সে  বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আইসিসির নতুন প্রতিযোগিতা কাঠামো অনুযায়ী, ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো অতিরিক্ত একটি ধাপ, ‘সুপার সিরিজ’-এ অংশ নেবে। সেখানে সেরা দলটি মূল আসরের শেষ টিকিট নিশ্চিত করবে।


২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দেশের ১২টি ভেন্যুতে হবে আসরের ম্যাচগুলো।


বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে থাকবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দুটি পূর্ণ সদস্য দেশ (আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া), বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং প্লে-অফ থেকে উঠে আসা চারটি দল।


প্লে-অফে অংশ নেবে লিগ-২-এর নিচের চার দল ও চ্যালেঞ্জ লিগের সেরা চার দল। সেখান থেকে চারটি দল মূল বাছাইপর্বে জায়গা করে নেবে। চ্যালেঞ্জ লিগে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল প্লে-অফে খেলার সুযোগ পাবে।


বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের সামনে সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ এখনো থাকলেও সেটি নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের ফলের ওপর। ভারতের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচে জয় এবং আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজের নির্দিষ্ট ফলাফল মিললে ক্যারিবীয়রা শীর্ষ আটে থেকে মূল পর্বে জায়গা পেতে পারে। অন্যথায় তাদের আবারও বাছাইপর্বের কঠিন লড়াইয়ে নামতে হবে।


উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে হেরে মূল আসরে জায়গা হারিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাই এবার সরাসরি বিশ্বকাপে খেলার লক্ষ্যই দলটির প্রধান চ্যালেঞ্জ।

এসআর

সম্পর্কিত খবর