[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ৩:৩৮ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ফিফার বাণিজ্যিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ।

সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ যুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করে উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল ফেডারেশন আসন্ন বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত উয়েফার সদস্য দেশগুলোর এক জরুরি ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিবিসি ও দ্য অ্যাথলেটিকসহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন।

এই প্রতিষ্ঠানের অধীনে ফিফার বাণিজ্যিক স্বত্ব, বিপণন কার্যক্রম এবং বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানের সম্ভাব্য মূল্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে।

এর একটি অংশের শেয়ার বেসরকারি বিনিয়োগকারী ও বিভিন্ন তহবিলের কাছে বিক্রির মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায় জশুয়া কুশনারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান Thrive Capital-এর নামও আলোচনায় এসেছে।

তবে শুরু থেকেই এই উদ্যোগের বিরোধিতা করে আসছে উয়েফা।

সংস্থাটির দাবি, ফুটবলের ঐতিহ্য, পরিচালনা ব্যবস্থা এবং খেলাটির মৌলিক মূল্যবোধকে বাণিজ্যিক স্বার্থের কাছে সমর্পণ করা উচিত নয়।

এ কারণেই ফিফার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে একমত হয়েছে সদস্য দেশগুলো।

বর্তমান সূচি অনুযায়ী, সামনে ব্রাজিলে নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা।

উয়েফার এই সিদ্ধান্ত কার্যকর হলে দুটি বড় টুর্নামেন্টের আয়োজন ও প্রতিযোগিতামূলক কাঠামো উল্লেখযোগ্য প্রভাবের মুখে পড়তে পারে।

যদিও ফিফার প্রস্তাব এখনো সদস্য দেশগুলোর আনুষ্ঠানিক অনুমোদন পায়নি, তবুও উয়েফার এমন কঠোর অবস্থান বিশ্ব ফুটবলের প্রশাসনিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে।

এসআর

সম্পর্কিত খবর