[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ইংল্যান্ডের মাঠে মুখোমুখি দ্বৈরথে দুই বাংলাদেশি হামজা ও ফারহান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে তাদের একসঙ্গে দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

 উদীয়মান তরুণ ফারহান আলী ওয়াহিদকে দলে পেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), আর তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ইতোমধ্যেই প্রায় দেড় বছর ধরে লাল-সবুজ জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে জাতীয় দলে সতীর্থ হয়ে ওঠার আগেই ক্লাব ফুটবলের আঙিনায় একে অপরের মুখোমুখি হতে চলেছেন এই দুই বাংলাদেশি ফুটবলার।

​আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের কিংস পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির রোমাঞ্চকর ম্যাচে লেস্টার সিটির মুখোমুখি হবে ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এই ম্যাচের মূল আকর্ষণ হিসেবে থাকবেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার—হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।

​লেস্টার সিটির মূল স্কোয়াডের সদস্য হামজা চৌধুরীর বিপক্ষে ফারহানকে দেখা যাবে ফুলহ্যামের হয়ে আক্রমণ সামলাতে। দেশের হয়ে মাঠে নামার আগেই ক্লাব পর্যায়ের এমন দ্বৈরথ স্বাভাবিকভাবেই দেশের ফুটবল সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। তবে ব্যক্তিগত সম্পর্কের উর্ধ্বে উঠে দুই ফুটবলারের লক্ষ্য থাকবে নিজ নিজ দলের জয় নিশ্চিত করা।

​গুরুত্বপূর্ণ এই লড়াইটি নিয়ে রোমাঞ্চ প্রকাশ করেছেন ফারহান নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব ফেসবুক পেজে বিষয়টি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান এই তরুণ লেফট উইঙ্গার।

​তবে ম্যাচটিতে হামজার উপস্থিতি নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আগস্ট মাসের দলবদল (ট্রান্সফার উইন্ডো) শেষ হওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না লেস্টার সিটিতেই তিনি থেকে যাচ্ছেন, নাকি নতুন কোনো ক্লাবে পাড়ি জমাচ্ছেন।

​ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা ও এফএ কাপ জয়ের স্বাদ পাওয়া হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর থেকে বাংলাদেশ জাতীয় দলের মাঝমাঠে বেশ দৃশ্যমান পরিবর্তন এসেছে। অন্যদিকে, ফুলহ্যামের যুব দলে আলো ছড়ানো ১৯ বছর বয়সী ফারহানকেও বাংলাদেশের আক্রমণভাগের বড় সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

​আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতেই ফারহানকে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত করার প্রক্রিয়া জোরদার করছে বাফুফে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে দ্রুতই সাফ ফুটবলে মাঠে হামজা-ফারহান জুটিকে এক সঙ্গে দেখা যেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর