[email protected] শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

দায়িত্ব পেয়েই জাতীয় হকি ক্যাম্পে ৬ অভিজ্ঞ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করলেন নতুন নির্বাচকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১১:০৯ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন নির্বাচক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই জাতীয় দলের চলমান প্রস্তুতি ক্যাম্পে ছয়জন অভিজ্ঞ খেলোয়াড়কে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নতুন নির্বাচক কমিটির নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত নির্বাচক কমিটিতে দায়িত্ব পেয়েছেন সাজেদ এএ আদেল, আরিফুল হক প্রিন্স এবং মাহবুব হারুন।

এশিয়ান গেমসকে সামনে রেখে দলের প্রস্তুতি আরও শক্তিশালী করতেই অভিজ্ঞ খেলোয়াড়দের ফের ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুষ্কর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত।

বাংলাদেশ হকি ফেডারেশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ফেডারেশনের সদস্য ও নির্বাচক আরিফুল হক প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচক কমিটির মতে, এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই অভিজ্ঞতা ও পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে এই ছয় খেলোয়াড়কে ক্যাম্পে যুক্ত করা হয়েছে।

তাদের উপস্থিতিতে দলে প্রতিযোগিতা বাড়বে এবং খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত হবে বলেও আশা করা হচ্ছে।

শুক্রবার থেকে রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চলমান জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন এই ছয় খেলোয়াড়।

চূড়ান্ত দল নির্বাচনের আগে তারা অন্যদের সঙ্গে অনুশীলন ও প্রস্তুতিতে অংশ নেবেন।

ফেডারেশনের প্রত্যাশা, অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে ওঠা দলটি আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স উপহার দিতে সক্ষম হবে।

এসআর

সম্পর্কিত খবর