[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

লঙ্কা প্রিমিয়ার লিগ: সাকিব ও হৃদয়ের দারুণ নৈপুণ্যে জাফনা কিংসের জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ৮:৪৪ এএম

সংগৃহীত ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটে-বলে চমৎকার পারফর্ম করে নিজের অলরাউন্ডার

 মর্যাদার প্রতি সুবিচার করলেন সাকিব আল হাসান। তার ও তাওহীদ হৃদয়ের কার্যকর অবদানের ওপর ভর করে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে ২১ রানের জয় তুলে নিয়েছে জাফনা কিংস।

​ম্যাচে জাফনার হয়ে সপ্তম খেলায় এসে তৃতীয়বারের মতো ব্যাটিংয়ের সুযোগ পান সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে একটি চার ও একটি ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি অলরাউন্ডার। এর আগে চলতি আসরে প্রথম ম্যাচে ১০ রান এবং অন্য ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। সাকিবের মতোই ১৬ বল খেলে একটি চার ও একটি ছয়ের সাহায্যে ২১ রান সংগ্রহ করেন বাংলাদেশের অপর ব্যাটার তাওহীদ হৃদয়। এছাড়া জাফনার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন কামিল মিশারা এবং মাত্র ১৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন চামিন্দু বিক্রমাসিংহে। ব্যক্তিগত কোনো ফিফটি না থাকলেও দলীয় সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জাফনা।

​২২২ রানের বড় লক্ষ্য তাড়ায় ক্যান্ডির সূচনা ভেঙে দেন সাকিব নিজেই। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই ৪১ রানের ওপেনিং জুটি ভাঙেন তিনি; ১৫ বলে ৩০ রান করা লাহিরু ইগালাগামাগেকে বোল্ড করেন। এরপর ১৬ রান করা কুশল পেরেরাকেও বোল্ড আউট করেন এই স্পিনার। সাকিবের তৃতীয় শিকার হন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৭তম ওভারে ২৪ রান করা হাসারাঙ্গাকে ফিরিয়ে জাফনার জয় সুনিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ২০০ রানে অলআউট হয়ে যায় ক্যান্ডি রয়্যালস।

​সাকিব বোলিংয়ে ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন, যা চলতি আসরে তার সেরা বোলিং ফিগার। এই ম্যাচ নিয়ে আসরে মোট ৮টি উইকেট লাভ করলেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর