বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়
থেকে বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টজুড়ে দলকে আশার আলো দেখানো অধিনায়ক লিওনেল মেসি এই পরাজয়ের পর নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন।
সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর লিখেছেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব... মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, পুরো দেশের ভালোবাসা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আবারও আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। তাৎক্ষণিকভাবে এই অর্জনের মূল্যায়ন করা কঠিন হলেও, দলটি যে পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল—সেটিকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকে বেশি প্রাধান্য দিয়ে জানান, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা এবং পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর স্মৃতিগুলোকেই তিনি হৃদয়ে ধারণ করতে চান। ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।’
এসআর