চলতি বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
আগামী বুধবার দিবাগত রাত ১টায় আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি পরিচালনার মূল দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমায়েল এলফাত। কাতার বিশ্বকাপ ফাইনালের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ৪৪ বছর বয়সী এলফাতের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া ইতালির মাউরিজিও মারিয়ানি চতুর্থ রেফারি এবং দানিয়েলে বিনদোনি রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।
মরক্কোয় জন্ম নেওয়া এবং বর্তমানে টেক্সাসের বাসিন্দা এলফাত ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন এবং দুবার বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন। চলতি বিশ্বকাপে তিনি ইতিমধ্যে গ্রুপ পর্বের নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচ এবং শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ ব্যবধানে হারের ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফুটবল ইতিহাসে রয়েছে মাঠের লড়াইয়ের দীর্ঘ এবং আলোচিত-বিতর্কিত অধ্যায়। দীর্ঘ ২১ বছর পর মুখোমুখি হতে যাওয়া এই দুই পরাশক্তি সর্বশেষ ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে লড়েছিল, যেখানে ৩-২ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। আর প্রতিযোগিতামূলক ফুটবলে দীর্ঘ ২৪ বছর পর প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা।
এমন একটি স্পর্শকাতর ও স্নায়ুচাপের ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার ম্যাচে রেফারির ভূমিকা যেখানে বারবার আলোচনায় এসেছে, সেখানে কনকাকাফ অঞ্চলের অন্যতম সেরা ও অভিজ্ঞ রেফারি এলফাতের ওপরই ফিফা এই গুরুত্বপূর্ণ ম্যাচের কঠিন দায়িত্ব অর্পণ করেছে।
এসআর