[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা মিশর ম্যাচে কে জিতবে জানাল এআই

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর।

বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হবে শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের ফর্ম, পরিসংখ্যান এবং পূর্বের মুখোমুখি লড়াই বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন পূর্বাভাসে কিছুটা এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে।

বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ১৮ শতাংশ, আর মিশরের সরাসরি জয়ের সম্ভাবনা প্রায় ১২ শতাংশ।

সম্ভাব্য ফলাফলের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত স্কোরলাইন হচ্ছে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক খেলায় লাতিন আমেরিকার দলটি সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। তবে মিশরের দ্রুত পাল্টা আক্রমণ এবং অধিনায়ক মোহামেদ সালাহর ব্যক্তিগত দক্ষতা ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে।

সম্ভাব্য গোলদাতাদের তালিকায় আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে মিশরের সবচেয়ে বড় ভরসা সালাহ।

দুই দলের পূর্বের একমাত্র সিনিয়র পর্যায়ের লড়াইয়ে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

২০০৮ সালের সেই প্রীতি ম্যাচে তারা ২-০ ব্যবধানে জিতেছিল। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার অভিজ্ঞতাও মিশরের তুলনায় অনেক বেশি।

তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা নয়।

একটি ভুল, একটি দুর্দান্ত আক্রমণ কিংবা কোনো তারকার ঝলক মুহূর্তেই ম্যাচের রূপ বদলে দিতে পারে। তাই পূর্বাভাসে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে মাঠের খেলাতেই।

এসআর

সম্পর্কিত খবর