[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙতে চান মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১২:৩১ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে এবার নতুন একটি ঐতিহাসিক অর্জনের হাতছানি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই বিশ্বকাপের এক আসরে আক্রমণভাগে সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকার ক্ষেত্রে দিয়েগো ম্যারাডোনার দীর্ঘদিনের রেকর্ড ভাঙার সুযোগ পাবেন তিনি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

গোল করার পাশাপাশি সতীর্থদের সুযোগ তৈরি করেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

একই সঙ্গে আট গোল নিয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও সমানতালে রয়েছেন।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে মেসি মোট ৫৪টি শট-সম্পৃক্ত (Shot Involvement) অ্যাকশনে অংশ নিয়েছেন।

এর মধ্যে তিনি নিজে ৩৩টি শট নিয়েছেন এবং সতীর্থদের জন্য তৈরি করেছেন আরও ২১টি গোলের সুযোগ।

এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫৯টি শট-সম্পৃক্ত অ্যাকশনের রেকর্ডটি এখনো ম্যারাডোনার দখলে।

১৯৮৬ সালের বিশ্বকাপে তিনি ২৯টি শট নেওয়ার পাশাপাশি ৩০টি সুযোগ তৈরি করেছিলেন। প্রায় চার দশক ধরে সেই রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভালো একটি ম্যাচ খেলতে পারলে ম্যারাডোনার সেই কীর্তি পেছনে ফেলার সুযোগ থাকবে বর্তমান আর্জেন্টাইন অধিনায়কের।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি মেসি।

তাই প্রথম দেখাতেই তিনি দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে চাইবেন। একই সঙ্গে গোলসংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে তাঁর।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান দখলের পর এবার মেসির সামনে অপেক্ষা করছে আরেকটি অনন্য রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ।

এসআর

সম্পর্কিত খবর