[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

মেসিকে ঘুম পাড়িয়ে দিব, হুংকার ইংলিশ কিংবদন্তির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ৮:৩৫ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে।

আগামী বুধবার (১৫ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে দুই দলের সাবেক খেলোয়াড়দের মন্তব্যও বাড়িয়ে দিচ্ছে আলোচনা।

এর মধ্যে সবচেয়ে আলোচিত বক্তব্য এসেছে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোলের কাছ থেকে।

একটি ফুটবলভিত্তিক আলোচনায় অংশ নিয়ে কোল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইংল্যান্ডের লক্ষ্য হবে লিওনেল মেসিকে কার্যকরভাবে আটকে রাখা।

মজার ছলে তিনি মন্তব্য করেন, তারা মেসিকে "ঘুম পাড়িয়ে" দেবেন এবং ইংল্যান্ডই ফাইনালে জায়গা করে নেবে।

কোলের এই মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত অন্য সাবেক ইংলিশ তারকারা তাকে কিছুটা সতর্ক করেন।

তাদের মতে, ম্যাচের ফল ভিন্ন হলে এমন বক্তব্য পরে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তবে কোল নিজের অবস্থান থেকে সরে আসেননি।

বরং দৃঢ়ভাবে জানান, তার বিশ্বাস ইংল্যান্ড এবার ফাইনালে খেলবে।

অন্যদিকে সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস মনে করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানো মোটেও সহজ হবে না।

তার ভাষ্য, বড় ম্যাচে আর্জেন্টিনা সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ। তবে ইংল্যান্ডের গতি ও আক্রমণভাগের ওপর ভরসা রেখেই তিনি দলের জয়ের আশা করছেন।

জো কোলের সাম্প্রতিক মন্তব্য অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। কারণ অতীতে তিনি একাধিকবার প্রকাশ্যে লিওনেল মেসির প্রশংসা করেছেন।

এমনকি মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনায় তিনি বারবার আর্জেন্টাইন অধিনায়ককেই এগিয়ে রেখেছেন।

এদিকে ইংল্যান্ডের আরেক সাবেক ফুটবলার গ্যারি নেভিলও সেমিফাইনাল নিয়ে নিজের বিশ্লেষণ দিয়েছেন।

তিনি আর্জেন্টিনার দুই সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের পারফরম্যান্সকে অনিশ্চিত বলে মন্তব্য করেন।

নেভিলের মতে, একই ম্যাচে তারা যেমন দুর্দান্ত খেলতে পারেন, তেমনি অপ্রত্যাশিত ভুলও করতে পারেন।

তার ভাষায়, এই দুই ডিফেন্ডার কখনও ম্যাচের সেরা পারফর্মার হয়ে ওঠেন, আবার কখনও এমন ভুল করেন যা প্রতিপক্ষকে সুযোগ এনে দেয়।

তাই মজার ছলে তিনি তাদের "বিশ্বের সেরা-খারাপ সেন্টারব্যাক জুটি" বলেও উল্লেখ করেছেন।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালের আগে সাবেক ফুটবলারদের এমন মন্তব্য ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এখন মাঠের লড়াইয়েই মিলবে সব প্রশ্নের উত্তর—ফাইনালের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা, নাকি ইংল্যান্ড।

এসআর

সম্পর্কিত খবর