বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩ –০ গোলে হারিয়ে
সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি একের পর এক নতুন রেকর্ড নিজের নামে করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট
ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় কর্নার কিক থেকে চমৎকার এক পাস বাড়ান মেসি।
সেই বল ধরে ডিফেন্ডারদের টপকে হেডের সাহায্যে সুইজারল্যান্ডের জালে বল জড়ান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১০ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী মেসি। এর ফলে দিয়েগো ম্যারাডোনার ৮টি অ্যাসিস্টের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন তিনি।
ম্যাথিউস-ক্লোসাদের পাশে মেসি
ম্যাচটিতে মাঠে নামার সাথেসাথেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন মেসি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই কীর্তির মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে নিজের নাম লেখালেন।
সেমিফাইনালের সূচি
সুইজারল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা এখন সেমিফাইনালের মঞ্চে। আগামী বুধবার, ১৫ জুলাই ২০২৬ (বাংলাদেশ সময় রাত ১টা) ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৯৮-এর জয়ী দল। অন্যদিকে, ১৬ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।
এসআর