মিসরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নতুন এক বিতর্কে জড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ই-মেইলকে কেন্দ্র করে আলোচনা শুরু হলেও, সেগুলো নিজেদের পক্ষ থেকে পাঠানো হয়নি বলে দাবি করেছে এএফএ।
সংস্থাটির দাবি, তাদের প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোয় মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
তবে ম্যাচের রেফারিং নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়।
এরই মধ্যে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে-এর এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষে এএফএর অফিসিয়াল ই-মেইল থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়।
সেখানে দাবি করা হয়, আর্জেন্টিনার জয় ন্যায্য ছিল না এবং ম্যাচের ফল রেফারিংয়ের কারণে প্রভাবিত হয়েছে। পাশাপাশি মিসরের খেলোয়াড়দের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিসরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার চক্র এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
ঘটনার পর এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়া কিছু ই-মেইল পাঠানো হয়েছে। সংস্থার ভাষ্য অনুযায়ী, এসব বার্তা এএফএর কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।
এএফএ আরও সতর্ক করে জানায়, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক কোনো ই-মেইল, বিশেষ করে যেগুলোতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলোতে সাড়া না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত এবং নিরাপত্তা জোরদারের কাজ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে যায় মিসর। পরে শেষ ১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল শোধ করেন।
এরপর লিওনেল মেসি সমতা ফেরানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
অন্যদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান।
তার দাবি, ম্যাচ পরিচালনার কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার অনুকূলে গেছে। এছাড়া বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে এগিয়ে রাখতে এবং লিওনেল মেসিকে প্রতিযোগিতায় ধরে রাখতে অদৃশ্য প্রভাব কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এসআর