২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধরনের ধাক্কা পেয়েছে সুইজারল্যান্ড।
হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জোহান মানজাম্বি গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না।
সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন সংবাদ সম্মেলনে জানান, ২০ বছর বয়সী এই ফুটবলার এখনও ম্যাচ খেলার মতো ফিট নন।
একই চোটের কারণে তিনি শেষ ষোলোর ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি।
ইয়াকিনের মতে, মানজাম্বির অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। মাত্র ২০০ মিনিট খেলে তিনটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছিলেন এই তরুণ ফুটবলার।
কোচ ইয়াকিন বলেন, মানজাম্বি দুর্দান্ত ছন্দে ছিল এবং তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিত।
পুরো টুর্নামেন্টে সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তবে ইনজুরির কারণে তাকে ছাড়া খেলতে হবে, যা অবশ্যই হতাশাজনক।
গ্রুপ পর্বে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জোড়া গোল করে নজর কাড়েন মানজাম্বি। কিন্তু তাকে ছাড়া শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।
পরিসংখ্যানও সুইজারল্যান্ডের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। আর্জেন্টিনার বিপক্ষে সাতবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি তারা।
সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরেছিল সুইসরা।
সেই ম্যাচে খেলা বর্তমান অধিনায়ক গ্রানিত জাকা এবং ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ এবারও দলে রয়েছেন।
জাকা বলেন, ১২ বছর পর আবারও একই মঞ্চে দাঁড়িয়েছি। তবে বর্তমান সুইজারল্যান্ড আগের চেয়ে অনেক ভিন্ন। নতুন প্রজন্ম, নতুন মানসিকতা এবং উন্নত ফুটবল নিয়ে আমরা এবার মাঠে নামছি।
উল্লেখ্য, ১৯৫৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ইউরোপের দেশটি।
এসআর