২০২৬ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে
বিশ্বফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। শিরোপার অন্যতম প্রধান এই দুই দাবিদারের মহারণের আগে এক বড় ভবিষ্যদ্বাণী করেছেন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার দৃঢ় বিশ্বাস, ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনালে যে দল জয়ী হবে, শেষ পর্যন্ত তারাই বিশ্বকাপের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরবে।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কোর্তোয়ার দল বেলজিয়াম। ম্যাচ শেষে স্পেনের শক্তিমত্তার প্রশংসা করে কোর্তোয়া বলেন, স্প্যানিশদের বিশ্বকাপ জয়ের পূর্ণ সামর্থ্য রয়েছে। তাদের দলে যেমন আত্মবিশ্বাস আছে, তেমনি খেলোয়াড়রাও অসাধারণ। তাই তার স্পষ্ট অনুমান, এই সেমিফাইনালের বিজয়ী দলই হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে কোর্তোয়ার এমন মন্তব্য অন্য সেমিফাইনাল ব্র্যাকেটে থাকা আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও নরওয়ের মতো দলগুলোর শিরোপার সম্ভাবনাকে কিছুটা খাটো করেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
কোর্তোয়ার এই মন্তব্যের সুর পাওয়া গেছে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের কথাতেও। সরাসরি অন্য দলগুলোর সম্ভাবনা নাকচ না করলেও ফ্রান্স ম্যাচ নিয়ে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে ইয়ামাল বলেছিলেন, তার মতে স্পেন ও ফ্রান্সই এই বিশ্বকাপের সেরা দুটি দল। আর বর্তমান ফুটবলে যদি কেউ ফ্রান্সকে হারানোর ক্ষমতা রাখে, তবে সেটা কেবল স্পেনই।
উল্লেখ্য, বিশ্বকাপের অপর ব্র্যাকেটে সেমিফাইনালের দল নির্ধারণের জন্য কোয়ার্টার ফাইনালের লড়াই এখনও বাকি রয়েছে। সেখানে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই দুই ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
এসআর