[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

স্পেন-বেলজিয়াম মহারণে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এই ম্যাচের বিজয়ী নিশ্চিত করবে শেষ চারে জায়গা।

ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, আর এরই মধ্যে ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার।

টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও নকআউট পর্বে এসে দুর্দান্ত ছন্দে ফিরেছে বেলজিয়াম।

শেষ ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ে সেনেগালকে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে পরাজিত করে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে ডোমেনিকো টেডেসকোর দল।


চলতি বিশ্বকাপে আক্রমণভাগে দারুণ কার্যকর বেলজিয়াম। পাঁচ ম্যাচে দলটি মোট ১০৭টি শট নিয়েছে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২১.৪টি।

শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফলতা। এর আগে ২০১৮ বিশ্বকাপে এই হার ছিল ১৫.২ শতাংশ।


অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার স্পেন নিজেদের শক্তিশালী রক্ষণভাগ দিয়ে প্রতিপক্ষকে ভোগাচ্ছে। শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ ক্লিনশিটের কৃতিত্ব দেখিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

বিশ্বকাপে টানা ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে কোনো গোল না খাওয়ার রেকর্ডও গড়েছে দলটি।

চলতি আসরে প্রতি ম্যাচে তাদের প্রত্যাশিত গোল হজমের (Expected Goals Against) গড় মাত্র ০.৩০, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।


আক্রমণেও স্পেনের বড় শক্তি ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ১৭টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন তিনি।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে কিশোর ফুটবলারদের মধ্যে তার চেয়ে বেশি সফল ড্রিবল রয়েছে শুধু জামাল মুসিয়ালা (১৯টি, ২০২২) এবং কিলিয়ান এমবাপ্পের (২২টি, ২০১৮)।


দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান ও বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে অপটার সুপারকম্পিউটার স্পেনকেই এগিয়ে রেখেছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ।

একই সময়ে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮.৩ শতাংশ এবং ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৪ শতাংশ।


অতিরিক্ত সময় ও সম্ভাব্য টাইব্রেকার বিবেচনায় স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৫ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে অপটা।

তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা নয়। তাই মাঠের লড়াইয়ে বেলজিয়ামের আক্রমণ নাকি স্পেনের রক্ষণ—শেষ পর্যন্ত কোনটি জয়ী হয়, সেটিই এখন দেখার অপেক্ষা

এসআর

সম্পর্কিত খবর