[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

দেশে ফিরেই বীরের সম্মান, রাজকীয় অভ্যর্থনায় সিক্ত মিশর ফুটবল দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপ থেকে নাটকীয়ভাবে বিদায় নিলেও দেশে ফিরে বীরের মর্যাদা পেয়েছেন মিশরের ফুটবলাররা।

ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফেরে দলটি। তাদের স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যমতে, জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং অভিনন্দন বার্তায় মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

অনেক সমর্থকের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি, যেখানে লেখা ছিল—‘ধন্যবাদ’।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে অভিবাদন জানান তারা। শনিবার খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

চারটি বিশ্বকাপ চেষ্টার মধ্যে এবারই প্রথম জয় পায় মিশর। একই সঙ্গে প্রথমবারের মতো নকআউট পর্বেও জায়গা করে নেয় দলটি।

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় লড়াই করেও বিদায় নিতে হয় হোসাম হাসানের শিষ্যদের।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পর শেষ সময়ে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানে মিশর। তবুও বিশ্বকাপে দেশের সেরা সাফল্য এনে দেওয়ায় দেশে ফিরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছে দলটি।

সংবর্ধনায় অনেক সমর্থকের হাতে প্রধান কোচ হোসাম হাসানের পোস্টার দেখা যায়, যা ফিলিস্তিনের পতাকার আদলে সাজানো ছিল।

বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সংহতি প্রকাশ করায় সমর্থকেরা তাকে এভাবেই সম্মান জানান। টুর্নামেন্টে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন তিনি এবং বিভিন্ন সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এদিকে দল দেশে ফেরার আগেই হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

যদিও নতুন চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তারা।

২০২৪ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই মিশরের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আসে।

তার অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। এখন পর্যন্ত তার কোচিংয়ে মিশর ২০টি ম্যাচে জয় পেয়েছে এবং ৯টি ম্যাচ ড্র করেছে।

এসআর

সম্পর্কিত খবর