২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ হাইভোল্টেজ লড়াইয়ে নামছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স এবং আফ্রিকার প্রতিনিধিত্বকারী মরক্কো।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকেই আসে জয়সূচক গোল।
অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। গ্রুপ পর্বে তারা ব্রাজিলের সঙ্গে ড্র করার পাশাপাশি হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
এই ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে আনার কারণে।
সে আসরে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। যদিও শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় দিদিয়ের দেশমের শিষ্যরা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে রয়েছে ফরাসিরা। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ছয়বার দেখা হয়েছে তাদের। চারবার জয় পেয়েছে ফ্রান্স, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনও ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষায়।
চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স।
শক্তিশালী আক্রমণভাগ, অভিজ্ঞ স্কোয়াড এবং বড় ম্যাচে পারফর্ম করার সক্ষমতা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। অন্যদিকে সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত ফুটবলের ওপর ভর করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছে মরক্কো। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমির পারফরম্যান্সের দিকেও থাকবে বিশেষ নজর।
তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে মরক্কো শিবির। উইঙ্গার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।
শেষ ষোলোর ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার খেলা নিয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা না এলেও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তাকে নিয়ে অনিশ্চয়তার কথা বলা হয়েছে।
এ ম্যাচে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো।
তাকে সহায়তা করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।
এসআর