২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় ধরণের ধাক্কা
খেয়েছে দুর্দান্ত ফর্মে থাকা মরক্কো। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে চোটের কারণে দলের অন্যতম তারকা ফুটবলার ইসমায়েল সাইবারিকে হারাতে হয়েছে তাদের।
কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল সাইবারিকে। সেই চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন মরক্কোর কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করা এবং শেষ ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পটকিক নেওয়া সাইবারির ছিটকে যাওয়া মরক্কোর জন্য বড় ক্ষতি। তবে কোচ উয়াহবি জানিয়েছেন, সাইবারি এই ম্যাচে প্রস্তুত না হলেও তার বিশ্বকাপ এখনও শেষ হয়ে যায়নি। ফ্রান্সের মতো শক্তিশালী এবং ফেভারিট প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে মরক্কো কোচ স্পষ্ট করেছেন যে, তাদের কৌশলে কোনো গোপন চমক নেই।
বল দখলে রেখে প্রান্ত ও মাঝমাঠ দিয়ে পরিকল্পিত আক্রমণের মাধ্যমে যেকোনো দলকে বিপদে ফেলার সামর্থ্য তাদের আছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও, এবারের ম্যাচটিকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের হিসেবে দেখছেন তিনি। শেষ আটে আসাই সব নয় উল্লেখ করে উয়াহবি জানান, তাদের মূল লক্ষ্য এখন বিশ্বকাপ জয় করা।
এসআর