[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

এবার বিশ্বকাপ না জিতলেও আক্ষেপ নেই : রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ১:৪২ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে পর্তুগালের বিদায় নিশ্চিত হয়েছে।

একই সঙ্গে বিশ্বকাপ মঞ্চে শেষবারের মতো দেখা গেল দেশটির কিংবদন্তি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিদায়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার এবং দেশের হয়ে অর্জন নিয়ে কথা বলেছেন তিনি।

রোনালদো জানান, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি তার কাছে সমান গর্বের।

তার ভাষ্য, সেই শিরোপার মূল্য তিনি বিশ্বকাপের সমান বলেই মনে করেন এবং এটি সারাজীবন তার অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল জিতেছে তিনটি আন্তর্জাতিক শিরোপা—২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগ।

এই অর্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার আগে পর্তুগালের কোনো আন্তর্জাতিক ট্রফি ছিল না। তাই দেশের ফুটবলে নিজের অবদান নিয়ে তিনি গর্বিত।

অভিজ্ঞ এই ফরোয়ার্ডের মতে, জাতীয় দলের হয়ে সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

মাঠে কখনো কমতি রাখেননি বলেই নিজের কাছে তিনি সন্তুষ্ট।

স্পেনের বিপক্ষে হারের হতাশাও স্বীকার করেছেন রোনালদো। তার মতে, পর্তুগাল আরও ভালো খেলতে পারত, তবে প্রতিপক্ষ ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী দল।

তিনি বিশ্বাস করেন, স্পেনের সামনে এবারের বিশ্বকাপে অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে এবং দলটি ফাইনালেও পৌঁছাতে পারে।

বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গেলেও জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে তিনটি আন্তর্জাতিক শিরোপা জয়ের স্মৃতিই রোনালদোর ফুটবল জীবনের অন্যতম বড় সাফল্য হয়ে থাকবে।

এসআর

সম্পর্কিত খবর