বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া এই নকআউট ম্যাচের আগে একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের রণকৌশল ও শক্তিমত্তা বিবেচনায় আজকের ম্যাচে অন্তত তিনটি পরিবর্তন আসতে পারে।
শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বেশ কষ্টার্জিত জয়ের পর দলে এই রদবদল আনতে যাচ্ছেন স্কালোনি। রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। এছাড়া মিডফিল্ডে থিয়াগো আলমাদার জায়গায় পজিশন ফিরে পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।
পারেদেস ও ম্যাক অ্যালিস্টার প্রসঙ্গ
বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় পেশির চোট নিয়ে ক্যাম্পে যোগ দেওয়া পারেদেসকে শুরুতে কেন খেলানো যায়নি, তা স্পষ্ট করেছেন স্কালোনি। তিনি বলেন, "কাতার বিশ্বকাপের পর পারেদেস যখনই শতভাগ ফিট থেকেছে, খেলেছে। চোট কাটিয়ে দলে ফিরতে ও সর্বোচ্চ চেষ্টা করেছে। ও যখন ছিল না, তখন ম্যাক অ্যালিস্টারই ছিল আমাদের সেরা বিকল্প। কারণ এনজো ফার্নান্দেজ ক্লাবের হয়ে একটু ওপরের দিকে খেলে। তাই আমরা অ্যালিস্টারকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বেছে নিই।"
স্কালোনির রণকৌশল ও মিশরকে সমীহ
কেপ ভার্দে ম্যাচে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি স্কালোনি। সেই ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য শুধু বল দখলে রাখা নয়, প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানো। বল পায়ে রেখে ডিফেন্ড করতে হবে এবং তাড়াহুড়ো না করে অন্তত ৫-৬টি পাস তৈরি করে আক্রমণে উঠতে হবে।"
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মিশরকে বেশ সমীহ করছেন আর্জেন্টাইন কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের ক্লান্তি কাটিয়ে টাইব্রেকারে জিতে আসা মিশরকে নিয়ে তিনি বলেন, "মিশর খুবই ভালো দল। চার ম্যাচের মধ্যে তারা মাত্র একটি জিতলেও প্রতিপক্ষকে সবসময় নাচিয়ে ছেড়েছে। ওরা কেপ ভার্দের মতো রক্ষণাত্মক দল নয়, বরং আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে আমাদের বিপক্ষে দলগুলো অনেক সময় কৌশল বদলে ফেলে, আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুত।"
একাদশে পরিবর্তন আসলেও আর্জেন্টিনার মূল খেলার ধরন বদলাবে না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখলেও শুরু থেকেই আক্রমণাত্মক ও চেনা ছন্দে খেলার পরিকল্পনা রয়েছে তাদের।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
এসআর