[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

নাহিদ রানার রেকর্ডও রক্ষা করতে পারল না বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে হেরে সিরিজ শুরু

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৯:০৭ পিএম

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা হতাশাজনকভাবে করেছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ২৫ রানে হেরে গেছে সফরকারীরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

 

ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন পেসার নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করে তিনি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন। তবে ব্যাটারদের ব্যর্থতায় তার এই কৃতিত্ব শেষ পর্যন্ত দলকে জয়ের পথে নিতে পারেনি।

 

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও ৩৬ রানের মধ্যে তাদের বিদায় করেন বাংলাদেশের বোলাররা। এরপর তাসকিন আহমেদ ও নাহিদ রানার ধারাবাহিক আঘাতে দ্রুতই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

 

নাহিদ রানা একে একে সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ইনোসেন্ট কাইয়া ও ব্র্যাড ইভান্সকে ফিরিয়ে জিম্বাবুয়েকে বড় চাপে ফেলেন। তবে নবম উইকেটে অধিনায়ক রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরির গুরুত্বপূর্ণ জুটিতে দলটি কিছুটা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

 

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৬টি, তাসকিন আহমেদ ২টি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।

 

জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৭ রানের মধ্যে ফিরে যান তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

 

এরপর তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়লেও বড় জুটি গড়ে তুলতে পারেননি। হৃদয় ২৫, সোহান ৩১ এবং মিরাজ ১০ রান করলেও অন্য ব্যাটারদের কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। ফলে ৩৩.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

 

জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভা তিনটি করে উইকেট নেন। নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানি শিকার করেন দুটি করে উইকেট।

 

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। দুই দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই।

এসআর

সম্পর্কিত খবর