[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

হালান্ডের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৪:২০ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন আবারও অধরাই থেকে গেল ব্রাজিলের।

শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আলিং হালান্ড, যিনি করেন দুটি গোল।

ম্যাচের শুরুতেই নরওয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

এরপর ব্রাজিল আক্রমণের গতি বাড়ায়। ১১ মিনিটে বক্সে ম্যাথেউস কুনিয়াকে ফাউল করা হয়েছে বলে দাবি ওঠে।

প্রথমে রেফারি খেলতে বললেও পরে ভিএআর পর্যালোচনার পর ব্রাজিলকে পেনাল্টি দেন।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারাইস। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

প্রথমার্ধে আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট নিল্যান্ড অসাধারণভাবে রুখে দেন।

অন্যদিকে শেষ দিকে নরওয়ের বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দলকে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি ব্রাজিল।

সেই সুযোগে ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে নরওয়েকে এগিয়ে দেন আলিং হালান্ড। পরে তিনি আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ব্রাজিল শেষদিকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি।

২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে আরও একবার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

এসআর

সম্পর্কিত খবর