বিশ্বকাপে লাল কার্ড দেখার পর সাধারণত পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার।
সরাসরি লাল কার্ডের ক্ষেত্রে অনেক সময় দুই ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞাও কার্যকর হয়।
তবে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের ক্ষেত্রে সেই নিয়মে ব্যতিক্রম ঘটিয়েছে ফিফা।
ফিফা জানিয়েছে, শৃঙ্খলাবিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বালোগানের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনারি মেয়াদের জন্য স্থগিত রাখা হয়েছে।
ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন।
ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউএস সকার। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে তারা সম্মান জানায় এবং বালোগানের পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাওয়ায় সন্তুষ্ট।
আগের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। ওই ম্যাচের প্রথম গোলটি করেন বালোগান। তবে দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে ট্যাকল করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
পরবর্তীতে নিজের প্রতিক্রিয়ায় বালোগান বলেন, লাল কার্ডের সিদ্ধান্তটি তার কাছে কঠোর ও অন্যায্য মনে হয়েছে। তার ভাষ্য, বল দখলের লড়াইয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইচ্ছাকৃত ছিল না। তাই ঘটনাটি মূল্যায়নের সময় পুরো প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া উচিত ছিল।
সোমবার সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
এসআর