[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

নরওয়ের বিপক্ষে জয়ের খোঁজে ব্রাজিল, ইতিহাস পক্ষে নয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই তাদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছে, চার ম্যাচে নরওয়ে জিতেছে দুটি এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফলে আজকের ম্যাচে মাঠে নামছে সেই অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই ব্রাজিল।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৮৮ সালে নরওয়ের রাজধানী ওসলোর একটি প্রীতি ম্যাচে।

সে সময় কার্লোস আলবার্তো সিলভার অধীনে নতুন দল গড়ে তুলছিল ব্রাজিল।

রোমারিওর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

এর প্রায় নয় বছর পর, ১৯৯৭ সালে আবারও ওসলোর মাটিতে মুখোমুখি হয় দুই দল। মারিও জাগালোর অধীনে রোনালদো, রোমারিওদের নিয়ে শক্তিশালী দল নিয়েও ব্রাজিল বড় ধাক্কা খায়।

টোরে আন্দ্রে ফ্লোর জোড়া গোল এবং ইয়াকবসেন ও ওস্টেনস্টাডের একেকটি গোলে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় নরওয়ে। ব্রাজিলের হয়ে গোল করেন রোমারিও ও ডেনিলসন।

১৯৯৮ বিশ্বকাপে স্মরণীয় অঘটন

দুই দলের সবচেয়ে আলোচিত লড়াই অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। ২৩ জুন মার্সেইয়ের স্টেড ভেলোড্রমে গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্রাজিল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল। তবুও জাগালো শক্তিশালী একাদশই মাঠে নামান।

ম্যাচের ৭৮তম মিনিটে ডেনিলসনের বাড়ানো বলে হেড করে ব্রাজিলকে এগিয়ে দেন বেবেতো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ছয় মিনিট পর টোরে আন্দ্রে ফ্লো সমতা ফেরান।

নাটকীয় মুহূর্ত আসে ম্যাচের শেষ দিকে। ৮৯তম মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার জুনিয়র বাইয়ানোর ফাউলে পেনাল্টি পায় নরওয়ে।

কেতিল রেকডাল স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেন। সেই ফলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেও বিবেচিত হয়।

সবশেষে ২০০৬ সালে প্রীতি ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল দুই দল।

দুঙ্গার কোচিংয়ে ব্রাজিলের হয়ে ড্যানিয়েল কারভালহো গোল করলেও মর্টেন গ্যামস্ট পেডারসেনের গোলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

এরপর কেটে গেছে প্রায় দুই দশক। এই সময়ে আর দেখা হয়নি দুই দলের।

তাই আজকের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে নরওয়ের বিপক্ষে দীর্ঘদিনের জয়খরা কাটানোর।

অন্যদিকে নরওয়ে চাইবে নিজেদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ন রাখতে।

এসআর

সম্পর্কিত খবর