[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল - জাপান মুখোমুখি আজ, সুপার কম্পিউটার জানাল কে জিতবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১২:০৯ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এই লড়াইয়ে জয়ী দল পরবর্তী রাউন্ডে নরওয়ে অথবা আইভরি কোস্টের বিপক্ষে খেলবে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনের মাধ্যমে ম্যাচের সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে।

সেই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। জাপানের সম্ভাবনা ১৮ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৪.৩ শতাংশ।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল। প্রথম ম্যাচের পর টানা সাত গোল করলেও এখন পর্যন্ত আর কোনো গোল হজম করেনি সেলেসাওরা।

দীর্ঘ প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলে ফিরে নেইমার আবারও বিশ্বকাপের মঞ্চে খেলছেন।

এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে তিনি ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নেওয়া অল্প কয়েকজন ফুটবলারের একজন হয়েছেন।

তবে সাম্প্রতিক নকআউট ইতিহাস ব্রাজিলের জন্য খুব স্বস্তিদায়ক নয়। শেষ ছয়টি নকআউট ম্যাচের চারটিতে বিদায় নিতে হয়েছে তাদের। যদিও ১৯৯০ সালের পর থেকে প্রথম নকআউট ম্যাচে কখনও হারেনি ব্রাজিল।

অন্যদিকে, ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে জাপান। বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি তারা।

এবারের আসরে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে এশিয়ার দলটি।

ইনজুরির কারণে অধিনায়ক ওয়াতারু এন্দো ও উইঙ্গার কাওরু মিতোমাকে না পেলেও টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে জাপান।

এই সময়ের মধ্যেই একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর কৃতিত্বও দেখিয়েছে তারা।

দলের স্ট্রাইকার আয়াসে উয়েদা ইতোমধ্যে তিন গোল করে বিশ্বকাপে জাপানের অন্যতম সফল গোলদাতার রেকর্ড স্পর্শ করেছেন।

এছাড়া এবারের আসরে জাপানের ১০ জন ভিন্ন ফুটবলার গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখে নতুন দলীয় রেকর্ড গড়েছেন।

ব্রাজিলের আক্রমণভাগও রয়েছে দুর্দান্ত ফর্মে। মাথেউস কুনিয়া অল্প কয়েকটি অন-টার্গেট শট থেকেই তিন গোল করেছেন। ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বে চারবার জালের দেখা পেয়ে ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন তারকার কাতারে নাম লিখিয়েছেন।

এছাড়া তরুণ রায়ান স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করে দীর্ঘদিনের একটি বয়সভিত্তিক রেকর্ডও গড়েছেন।

মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে স্পষ্টভাবে এগিয়ে ব্রাজিল। দুই দলের ১৪ দেখায় সেলেসাওরা জিতেছে ১১টি ম্যাচ, দুটি ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি। তবে সর্বশেষ সাক্ষাতে জাপানই ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল।

বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ২০০৬ সালে ৪-১ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।

এসআর

সম্পর্কিত খবর