[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে হারার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ৩:৫৪ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডস্কাই জার্মানি–এর তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

এই হতাশাজনক ফলের পর ফ্রাঙ্কফুর্টে ডিএফবির কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন ৩৮ বছর বয়সী নাগেলসমান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকের পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে পৌঁছান তিনি।

নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৭০ লাখ ইউরো পেতে পারেন বলে জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নাগেলসমানের বিদায়ের পর জার্মান জাতীয় দলের নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বর্তমানে তিনি রেড বুল গ্রুপের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণমাধ্যমের দাবি, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলে বর্তমান চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ তার চুক্তিতে রাখা হয়েছে।

২০২৩ সালে জার্মানির দায়িত্ব গ্রহণ করেন নাগেলসমান। তার অধীনে শুরুতে দলটি ইতিবাচক পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য আসেনি।

ফলে ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয় বিশ্বকাপেও হতাশাজনক ফল নিয়ে আসর শেষ করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসআর

সম্পর্কিত খবর