[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়েই ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের প্রেসিডেন্টের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ১২:০৬ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচকে সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী কেপ ভার্দে।

দলটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস মনে করেন, সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে আর্জেন্টিনাকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে।

বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথম অংশ নিচ্ছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। অভিষেক আসরেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে তারা ইতোমধ্যে আলোচনায় এসেছে।

গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে দলটি।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল।

তিন ম্যাচে আর্জেন্টিনার করা আট গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে, যা দলটির আক্রমণভাগের শক্তিরই প্রমাণ।

তবুও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন কেপ ভার্দের প্রেসিডেন্ট। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, তার বিশ্বাস কেপ ভার্দে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে।

তার মতে, বড় ম্যাচে যখন একটি দলের ওপর প্রত্যাশা কম থাকে কিন্তু জয়ের ইচ্ছা প্রবল থাকে, তখন অঘটন ঘটানো অসম্ভব নয়।

তিনি আরও বলেন, ছোট দেশ হিসেবে কেপ ভার্দের সবসময়ই সবাইকে চমকে দেওয়ার মানসিকতা নিয়ে খেলতে হবে। তার দাবি, আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সম্ভাবনাও তারা দেখছেন এবং সেই বিশ্বাস নিয়েই দল মাঠে নামবে।

নেভেসের ভাষ্য, বিশ্বকাপে অংশ নেওয়ার উদ্দেশ্য শুধু উপস্থিতি নিশ্চিত করা নয়; বরং বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য তুলে ধরা।

তিনি বলেন, ভাগ্য তাদের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি করেছে, আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই কেপ ভার্দে পরের রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়ে খেলবে।

এখন দেখার বিষয়, প্রেসিডেন্টের এই আত্মবিশ্বাস মাঠের লড়াইয়ে কতটা প্রতিফলিত হয় এবং আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে নতুন কোনো ইতিহাস গড়তে পারে কি না।

এসআর

সম্পর্কিত খবর