চলতি ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, প্রথম
ম্যাচে কিছুটা ধীরগতির শুরুর পর নিজেদের গুছিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টে দুই দলের জয়ের ধারা বজায় থাকলে সেমিফাইনালেই দেখা হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে এই ব্লকবাস্টার ম্যাচ দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা।
হাইভোল্টেজ এই ম্যাচের সম্ভাবনার মাঝেই ফুটবল ভক্তদের মনে উঁকি দিচ্ছে অতীত পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্যে জয়ের পাল্লায় এগিয়ে রয়েছে সেলেসাওরাই। ব্রাজিলের ২ জয়ের বিপরীতে আলবিসেলেস্তেরা জিতেছে ১টি ম্যাচ, আর বাকি ১টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপে দুই দলের অতীত ৪ লড়াইয়ের চিত্র:
১৯৭৪ বিশ্বকাপ: প্রথম দেখায় আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে রিভেলিনো ও জাইরজিনহো এবং আর্জেন্টিনার হয়ে মিগুয়েল ব্রিনদিসি গোল করেন।
১৯৭৮ বিশ্বকাপ: দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বের এই ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়।
১৯৮২ বিশ্বকাপ: স্পেনে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাস্ত করে ব্রাজিল।
১৯৯০ বিশ্বকাপ: ইতালির মাটিতে শেষ দেখার স্মৃতি অবশ্য আর্জেন্টিনার পক্ষে। ক্লদিও কানিগিয়ার একমাত্র জয়সূচক গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে আগের হারের প্রতিশোধ নিয়েছিল আলবিসেলেস্তেরা।
এসআর