বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি দলের শুরুর একাদশ প্রকাশ করেননি
। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো ম্যাচের সফল একাদশেই আস্থা রাখতে পারেন এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তির মতে, জাপানকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, প্রতিপক্ষের বর্তমান অবস্থান ও সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে তারা কতটা শক্তিশালী দল। মার্চে ইংল্যান্ডকে হারানো জাপানের সক্ষমতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
ব্রাজিল কোচের ভাষায়, ‘আমাদের কাছে এই ম্যাচটি ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। জাপান দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল।
তাদের বিপক্ষে ভালো ফল পেতে হলে নিজেদের সেরা খেলাই খেলতে হবে।
গত নভেম্বরে তাদের কাছে হারের অভিজ্ঞতাও আমাদের মনে আছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ ফুটবল খেলেছিল। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েই মাঠে নামব।’
ধারণা করা হচ্ছে, স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা দলটিতেই বড় কোনো পরিবর্তন আনবেন না আনচেলত্তি।
তবে ম্যাচের আগে চূড়ান্ত একাদশ প্রকাশ না করায় কৌতূহল তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ না জানলে খেলোয়াড়দের ঘুমে কোনো প্রভাব পড়বে কি না।
জবাবে আনচেলত্তি হাস্যরসের সঙ্গেই বিষয়টি উড়িয়ে দেন, যা উপস্থিতদের মধ্যেও হাসির রোল তোলে।
এসআর