বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ এফ-এর শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে
বজ্রপাতের ঝড়ের আশঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রোনাল্ড কোম্যানের দল। খেলার তৃতীয় মিনিটে ড্যানজেল ডামফ্রিসের ক্রস থেকে বল নিজেদের জালে জড়িয়ে দেন তিউনিসিয়ার এলিস সখিরি। এর মাত্র চার মিনিট পর ভার্জিল ফন ডাইক ও তিইয়ানি রেইনডার্সের যৌথ প্রচেষ্টায় বল পেয়ে কাছ থেকে জোরালো শটে গোল করেন ব্রায়ান ব্রোবি।
চলতি বিশ্বকাপে এটি ব্রোবির তৃতীয় গোল, যার সুবাদে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে মেক্সিকান ওয়েভে মাতেন ডাচ সমর্থকরা। দ্বিতীয়াবে ৫৪ মিনিটে হানিবাল মেজব্রির কর্নার থেকে হেডে গোল করে তিউনিসিয়ার পক্ষে ব্যবধান কমান হাজেম মাস্তুরি।
তবে এর কিছুক্ষণ পরই রেইনডার্সের কর্নার থেকে জান পল ভান হেকের হেড ডিফ্লেকশনে জালে ঢুকলে নেদারল্যান্ডস ৩-১ গোলে জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অব ৩২-এ উঠেছে ডাচরা, যেখানে আগামী সোমবার মন্টেরেইতে তারা মরক্কোর মুখোমুখি হবে।
অন্যদিকে বাছাইপর্বে একটি গোলও না খেয়ে বিশ্বকাপে আসা তিউনিসিয়ার জন্য এই আসরটি ছিল চরম দুঃস্বপ্নের। তিন ম্যাচে তারা মোট ১২টি গোল হজম করে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে। মেক্সিকোতে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেওয়া হলেও দলের ভাগ্য বদলায়নি।
জাপানের কাছে ৪-০ গোলে হারের পর শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হারল তারা। গ্রুপ এফ থেকে ৭ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস প্রথম ও ৫ পয়েন্ট নিয়ে জাপান দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে। এছাড়া ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের অন্যতম সেরা দল হিসেবে পরের রাউন্ডে টিকে গেছে সুইডেন, আর শূন্য পয়েন্ট নিয়ে ঘরের পথ ধরেছে তিউনিসিয়া।
এদিকে টুর্নামেন্টের অন্য ম্যাচে আজ শুক্রবার (২৬ জুন) গ্রুপ ডি-এর খেলায় বাংলাদেশ সময় সকাল ৮টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এবং একই সময়ে সান ফ্রান্সিসকোর লিভাইস স্টেডিয়ামে লড়ছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
এসআর