২০২৬ ফিফা বিশ্বকাপে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
গ্রুপ পর্বের টানা তিন ম্যাচেই ‘ফিফা ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়ে নিজের অসাধারণ ফর্মের প্রমাণ দিয়েছেন তিনি।
আসরের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। জয় না পেলেও ওই ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যের কারণে ম্যাচসেরার স্বীকৃতি পান ভিনিসিয়ুস।
পরের ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আবারও সেরার পুরস্কার নিজের করে নেন তিনি।
গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে স্কটল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সেলেসাওরা।
সেই ম্যাচেও সবচেয়ে কার্যকর ফুটবলার ছিলেন ভিনিসিয়ুস, ফলে টানা তৃতীয়বারের মতো ম্যাচসেরার সম্মান অর্জন করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
পুরো টুর্নামেন্টজুড়ে তার গতি, নিখুঁত ড্রিবলিং, সুযোগ তৈরি এবং আক্রমণে ধারাবাহিক উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভিনিসিয়ুসের এমন ছন্দে ব্রাজিলও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
বিশ্বকাপের নকআউট পর্ব সামনে রেখে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে।
বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ব্রাজিলের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে বড় ভূমিকা রাখতে পারেন এই তারকা ফরোয়ার্ড।
এসআর