[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ছিটকে গেলেন আর্জেন্টিনার মন্তিয়েল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে এসেছে নতুন দুশ্চিন্তা।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার গনসালো মন্তিয়েল চোটের কারণে আসন্ন ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে জানা গেছে।

আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে অনুশীলনে পুরোপুরি অংশ নিতে পারেননি এই রাইট ব্যাক।

চিকিৎসা পরীক্ষার পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তবে চোটের কারণে সাম্প্রতিক অনুশীলনে সীমিত অংশগ্রহণ করায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে নাউয়েল মোলিনাকে একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দলীয় সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মন্তিয়েল আগামী কয়েক দিনের অনুশীলনে অংশ নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু অস্ট্রিয়া ম্যাচের জন্য তাকে বিবেচনায় রাখা হচ্ছে না। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভালো পারফরম্যান্স দেখানো মোলিনাই বর্তমানে তার জায়গা নেওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী।
উল্লেখ্য, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার আগেও চোটের সমস্যায় ভুগছিলেন মন্তিয়েল। তবে বর্তমান ইনজুরি আগের চোটের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানা গেছে। এর আগে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছিলেন তিনি, যার কারণে একটি গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করতে হয়েছিল।
বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও শতভাগ ফিট ছিলেন না এই ডিফেন্ডার। একাধিক দিন আলাদা অনুশীলন করার পাশাপাশি একটি প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। পরে আরেকটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে স্বাভাবিক ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন।
তবে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির বিষয় হলো, তার বর্তমান চোট গুরুতর নয়।

অস্ট্রিয়া ম্যাচের পর পরবর্তী ম্যাচের আগে পর্যাপ্ত সময় থাকায় দ্রুত সুস্থ হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী দলের চিকিৎসক ও কোচিং স্টাফ। সবকিছু ঠিক থাকলে জর্ডানের বিপক্ষে ম্যাচে আবারও তাকে মাঠে দেখা যেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর