প্রায় আড়াই বছরের অপেক্ষার পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন নেইমার।
২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো সেলেসাওদের হয়ে খেলতে দেখা গেল এই তারকা ফুটবলারকে।
দীর্ঘ সময় চোটে ভোগা এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে অবশেষে জাতীয় দলে ফিরলেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারের প্রত্যাবর্তনের দিকে নজর ছিল ফুটবলপ্রেমীদের। ম্যাচের ৭৬তম মিনিটে ম্যাথিউস কুনহার পরিবর্তে মাঠে নামানো হয় তাকে।
যদিও অল্প সময়ের কারণে নিজের স্বাভাবিক ছন্দ পুরোপুরি দেখানোর সুযোগ পাননি, তবুও তার মাঠে ফেরা ব্রাজিল সমর্থকদের জন্য ছিল বড় স্বস্তির খবর।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলের হয়ে খেলতে নামার মাধ্যমে ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটালেন সান্তোসের এই তারকা।
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর তার প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে নতুন উদ্দীপনা যোগ করেছে।
এদিকে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল।
ভিনিসিয়ুসের জোড়া গোলের সঙ্গে একটি গোল যোগ করেন ম্যাথিউস কুনহা।
এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
৬৪ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল বিশেষ এক উপলক্ষ।
একদিকে ছিল গুরুত্বপূর্ণ জয়, অন্যদিকে দীর্ঘদিন পর নেইমারের প্রত্যাবর্তন দুই মিলিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকল সেলেসাও সমর্থকদের জন্য।
এসআর