তিন শূন্য গোলে জয় পায় ব্রাজিল।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল দাপুটে জয় দিয়ে ব্রাজিল।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুই গোলের সঙ্গে ম্যাথিউস কুনহার এক গোল যোগ হয়ে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।
এই ফলাফলে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অষ্টম মিনিটে স্কটিশ রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস।
ডিফেন্ডার স্কট ম্যাকেনার ভুল নিয়ন্ত্রণের পর বল নিজের দখলে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আরও একবার বল জালে পাঠালেও ভিএআরের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।
তবে বিরতির আগে যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ভিনিসিয়ুস।
ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আধিপত্য অব্যাহত থাকে। ৬০ মিনিটে গিমারাইসের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে দলের তৃতীয় গোল করেন ম্যাথিউস কুনহা। চলতি আসরে এটি ছিল তার তৃতীয় গোল।
ম্যাচের ৭৫ মিনিটে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফের মাঠে দেখা যায় ব্রাজিলের এই তারকা ফুটবলারকে।
বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই ম্যাচ শেষ করে ব্রাজিল।
গ্রুপ পর্ব শেষে মরক্কোর সমান সাত পয়েন্ট পেলেও উন্নত গোল ব্যবধানে শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠেছে সেলেসাওরা।
এসআর