[email protected] বৃহঃস্পতিবার, ২৫ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩

ঢাবিতে মেসির জন্মদিন পালন, উপস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ৩:২৭ এএম

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণিল আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

এছাড়া মেসির ঘনিষ্ঠ বন্ধু ডেন রুলো এবং আর্জেন্টাইন প্রতিনিধি দলের সদস্য মার্টিন ডি এসকালাদাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজন শেষে অংশগ্রহণকারীরা টিএসসি থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন, যা রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় আর্জেন্টিনার পতাকা, মেসির ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, জন্মদিন কেবল একজন ব্যক্তির বয়স বৃদ্ধির দিন নয়, বরং তার অর্জন, স্মৃতি এবং অনুপ্রেরণাময় পথচলাকেও স্মরণ করার উপলক্ষ।

তিনি বলেন, মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার কোটি মানুষের হৃদয়ে আনন্দ ও আবেগের জন্ম দিয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, মেসির সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, দৃঢ় মনোবল, শৃঙ্খলা এবং বিনয়ী ব্যক্তিত্ব। এসব গুণ তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের আসনে পৌঁছে দিয়েছে।

তিনি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমের প্রশংসা করে বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবলকে ঘিরে এক ধরনের আবেগগত মিল রয়েছে।

এই ভালোবাসা দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে।

মেসির বন্ধু ডেন রুলো বলেন, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা এবং সমর্থন তাদের মুগ্ধ করেছে।

এ ভালোবাসা সরাসরি অনুভব করতেই তারা বাংলাদেশ সফরে এসেছেন। তিনি আর্জেন্টিনা দলের প্রতি সমর্থকদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, আর্জেন্টিনা সমর্থক এবং অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ আরও অনেকে। আয়োজনের সমন্বয় করে বর্ণমালা মিডিয়া।

এসআর

সম্পর্কিত খবর