ফুটবল বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখার বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে আলজেরিয়া
ও জর্ডান। যেহেতু দুই দলই তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল, তাই টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দুই দলের সামনে।
খেলার প্রথমার্ধে জর্ডানের গোলমুখে আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ দারুণ একটি সুযোগ পেয়েছিলেন। জর্ডানের গোলরক্ষককে একদম একা পেয়েও তিনি সেটি জালে জড়াতে পারেননি, দুর্দান্ত দক্ষতায় তাকে প্রতিহত করেন গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা।
এর বাইরে দুই দলই প্রথমার্ধের শুরুতে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে না পারায় গোলশূন্য সমতা নিয়ে প্রথম হাইড্রেশন ব্রেকে যায় তারা। ব্রেকে যাওয়ার আগের মতো পরেও রিয়াদ মাহরেজ আরও একটি সহজ সুযোগ মিস করেন; গোলরক্ষককে একা পেয়েও দ্বিতীয়বারের মতো গোল করতে ব্যর্থ হন তিনি।
খেলার ডেডলক ভেঙে আলজেরিয়ার ডি-বক্সের ভেতর বল পেয়ে এক জোরালো শটে বল জালে জড়ান জর্ডানের নিজার আল রুশদান। এই দর্শনীয় গোলের মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন, কারণ এটি বিশ্বকাপে জর্ডানের ইতিহাসের সর্বপ্রথম গোল। ঐতিহাসিক এই গোলের সুবাদে জর্ডান ম্যাচে লিড নিয়েছে এবং বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পথে বেশ এগিয়ে গেছে।
এসআর