লিওনেল মেসি যেন রেকর্ড ভাঙতেই মাঠে নামেন। ফুটবল ইতিহাসের প্রায় সব বড় অর্জন নিজের ঝুলিতে ভরার পর এবার বিশ্বকাপের ইতিহাসেও একক শীর্ষে উঠে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের ১৭তম গোল পূর্ণ করেছেন মেসি। এর মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা অবশ্য মেসির জন্য সুখকর ছিল না। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে গ্যালারিতে থাকা হাজারো সমর্থক কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন।
তবে মেসি তো মেসিই। দ্বিতীয়ার্ধে নিজের চেনা জাদু দেখিয়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত এক গোল করেন তিনি। সেই গোলেই নতুন ইতিহাস গড়ে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার আসনে বসেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
আলজেরিয়ার বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডকে পেছনে ফেললেন তিনি।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতারাঃ
📌 লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৭ গোল
📌 মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল
📌 রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল
📌 কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৪ গোল
📌 গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল
📌 জাস্ট ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল
📌 পেলে (ব্রাজিল) — ১২ গোল
২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। অনেকেই ধারণা করেছিলেন, সেটিই হবে তাঁর শেষ বিশ্বকাপ। কিন্তু ২০২৬ বিশ্বকাপে এসেও তিনি প্রমাণ করে চলেছেন, বয়স তাঁর কাছে কেবল একটি সংখ্যা।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া মেসি এবার বিশ্বকাপের ইতিহাসেও নিজের নামটি সবচেয়ে ওপরে লিখে রাখলেন। ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়া এই রাত তাই চিরদিন স্মরণীয় হয়ে থাকবে আর্জেন্টিনা ও মেসি-ভক্তদের কাছে।
এসআর