[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ২:৫৪ এএম

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা।

সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। তবে তার একটি ট্যাকল নিয়ে ম্যাচের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি নিয়ে এবার ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

শুক্রবার (১৯ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিফার রেফারিং কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগে ম্যাচের প্রথমার্ধের একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে।


অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এক পর্যায়ে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেন।

আলজেরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘটনায় রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিষয়টি পর্যালোচনার দাবি জানানো হয়েছে।


ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পরপরই ওই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে মেসি আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন তিনি। বর্তমানে দুজনেরই বিশ্বকাপে গোলসংখ্যা ১৬।


কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।


এ ঘটনায় ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এসআর

সম্পর্কিত খবর