আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এমন বিশেষ রাতে নিজের নামের প্রতি সুবিচারই করলেন লিওনেল মেসি। তিনটি গোল করে বিশ্বকাপ অভিযান শুরু করলেন আর্জেন্টাইন অধিনায়ক, আর তার হ্যাটট্রিকে মঙ্গলবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৭ মিনিট পর্যন্ত।
মাঝমাঠ থেকে বল নিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল ছুঁতে পারলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি। সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি লিওনেল স্কালোনির দল। অন্যদিকে আলজেরিয়াও কয়েকবার আক্রমণে উঠলেও আর্জেন্টিনার রক্ষণভাগকে ভাঙতে পারেনি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সতীর্থের শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে সুযোগসন্ধানী ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এরপর ম্যাচের ৭৬তম মিনিটে আসে রাতের সবচেয়ে সুন্দর মুহূর্ত। বক্সের সামনে সতীর্থদের সঙ্গে দ্রুত পাস আদান-প্রদানের পর বাঁ-পায়ের চেনা কার্লিং শটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। গোলের পর পুরো স্টেডিয়ামজুড়ে শুরু হয় উচ্ছ্বাস।
মেসির তিন গোলের সামনে পুরো ম্যাচে অসহায়ই দেখিয়েছে আলজেরিয়াকে। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন মেসি। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেছেন তিনি।
সব মিলিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবেই শুরু করল আর্জেন্টিনা। আর ৩৮ বছর বয়সেও মেসি যে এখনো বড় মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারেন, সেটিও আবার প্রমাণ হলো কানসাসের রাতে।
এসআর