২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের হয়ে মাঠে নামা হচ্ছে না নেইমারের।
মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দলে ছিলেন না ব্রাজিলের এই অভিজ্ঞ তারকা। মাঠের বাইরে থেকে সতীর্থদের সমর্থন দিলেও ম্যাচ শেষে ড্রয়ের হতাশা লুকাতে পারেননি তিনি।
এর আগে কোচ আনচেলত্তি দ্রুত তার ফেরার আশা প্রকাশ করলেও সাম্প্রতিক দলীয় অনুশীলনে দেখা যায়নি নেইমারকে।
ব্রাজিলের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার চোটের সর্বশেষ অবস্থা মূল্যায়নের জন্য নতুন করে মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত মে মাসে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে পায়ের কাফ মাসলে ‘গ্রেড-টু’ ইনজুরিতে পড়েন নেইমার।
চোটের ঝুঁকি থাকা সত্ত্বেও বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর এখন পর্যন্ত দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, গ্রুপ পর্বে তার মাঠে ফেরার সম্ভাবনা কার্যত নেই।
তবে ব্রাজিল দলের চিকিৎসকরা আশা করছেন, পুনর্বাসন প্রক্রিয়া সফল হলে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন এই ফরোয়ার্ড।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সামনে এখন গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। আগামী ২০ জুন হাইতির বিপক্ষে এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও তাদের সতীর্থদের আপাতত নেইমারবিহীন দল নিয়েই এগোতে হবে।
এসআর