[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

আত্মঘাতী গোলে জয় হারালো মিশর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৩:২৮ এএম

মিশর ও বেলজিয়ামের খেলা ড্র হয়

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ছুঁয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পাওয়া হলো না মিশরের।

বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও আত্মঘাতী গোলের কারণে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের।

সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই জমে ওঠে লড়াই। বলের দখলে কিছুটা এগিয়ে ছিল বেলজিয়াম, তবে দ্রুতগতির পাল্টা আক্রমণে বারবার প্রতিপক্ষকে চাপে ফেলে মিশর।

ম্যাচের ২১তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় মিশর। বক্সের বাইরে থেকে নেওয়া ইমান আশুরের শক্তিশালী শট ঠেকাতে পারেননি বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল আশুরের প্রথম গোল।

গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেলেও জেরেমি ডকুর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশ হতে হয় ইউরোপিয়ান দলটিকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও জোরদার করতে মাঠে নামানো হয় অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। তার উপস্থিতিতে বেলজিয়ামের আক্রমণে নতুন মাত্রা যোগ হয়।

ম্যাচের ৬৬তম মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। লুকাকুর দিকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। সেই আত্মঘাতী গোলে সমতায় ফিরে বেলজিয়াম।

বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে থেকেও আত্মঘাতী গোলের কারণে জয় হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশই থাকতে হয়েছে মোহাম্মদ সালাহদের।

অন্যদিকে হার এড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারে বেলজিয়াম।

এসআর

সম্পর্কিত খবর