বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পরই কোচিং স্টাফে পরিবর্তন এনেছে তিউনিসিয়া।
সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের হারের একদিনের মধ্যেই প্রধান কোচ সাব্রি লামুশিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর জরুরি বৈঠকে বসে তিউনিসিয়ার ফুটবল কর্তৃপক্ষ।
বৈঠক শেষে লামুশির সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলমান বিশ্বকাপে কোনো দলের প্রধান কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এটিই প্রথম ঘটনা।
সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতা ফেডারেশনের এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেনি তিউনিসিয়া। বেলজিয়ামের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর সুইডেনের বিপক্ষেও একই রকম দুর্বল পারফরম্যান্স দেখায় দলটি। ফলে কোচের ওপর আস্থা হারায় ফেডারেশন।
আফ্রিকা কাপ অব নেশনসে হতাশাজনক ফলাফলের পর সাব্রি লামুশির হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।
তবে তার অধীনে দলটি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। শুরুতে একটি জয় পেলেও পরবর্তী সময়ে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি।
এদিকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় ফেডারেশন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন প্রধান কোচ হিসেবে তিউনিসিয়ার সাবেক তারকা ফুটবলার ওয়াহবি খাজরির নাম আলোচনায় রয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এসআর