[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুইডেনে সাকিব-ঝড়ের অপেক্ষা, কাল মাঠে নামছে উপসালা টাইগার্স

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ৮:২৭ পিএম

নতুন দল, নতুন দেশ, নতুন চ্যালেঞ্জ। ইউরোপের ক্রিকেটে নিজের ছাপ রাখতে কাল প্রথমবারের মতো উপসালা টাইগার্সের জার্সিতে মাঠে নামছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন সাকিব আল হাসান। এবার ইউরোপের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের শুরু করতে যাচ্ছেন তিনি। সুইডেনের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’-এ উপসালা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্টকহোম ইউনাইটেডের মুখোমুখি হবে উপসালা টাইগার্স। স্টকহোমে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এটিই চলতি আসরে উপসালা টাইগার্সের প্রথম ম্যাচ। একই সঙ্গে নতুন দলের হয়ে প্রথমবার মাঠে নামবেন সাকিব।

১৫ থেকে ২০ জুন পর্যন্ত চলবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপ। ছয়টি শহরভিত্তিক দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে সুইডেনের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একক লিগ পদ্ধতিতে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। পরে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।

টুর্নামেন্ট শুরুর আগেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে উপসালা টাইগার্স। কারণ ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে তারা। বিশ্ব ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের কারণে সাকিবকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে টুর্নামেন্টজুড়ে।

নতুন এই যাত্রা নিয়ে আশাবাদী সাকিবও। তিনি বলেন, “ইংল্যান্ডভিত্তিক বাংলাদেশি ক্লাব ইউকে বাংলা টাইগার্সের মাধ্যমে উপসালা টাইগার্সের সঙ্গে আমার যাত্রা শুরু হচ্ছে। আমরা খুব ভালো একটি দল গড়েছি। অধিনায়ক মোহাম্মদ চৌধুরীর সঙ্গে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি আমরা ভালো কিছু করতে পারব।”

অধিনায়ক মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গড়া দলটিতে রয়েছে বিভিন্ন দেশের ক্রিকেটার। সুইডেন ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইতালির খেলোয়াড়রা রয়েছেন স্কোয়াডে। ফলে দলটিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, “সাকিব আল হাসানের মতো বিশ্বমানের একজন ক্রিকেটারকে দলে পাওয়াটা আমাদের জন্য বড় পাওয়া। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের শক্তি অনেক বাড়িয়েছে। আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপে শুধু সাকিবই নন, আরও কয়েকজন আন্তর্জাতিক তারকাও খেলবেন। নিউজিল্যান্ডের টম ব্রুস ও ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও থাকছেন এই আসরে। আর ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন নয়। স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ তৈরি করাও তাদের অন্যতম উদ্দেশ্য। এতে সুইডেনের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে সাকিবের দিকেই। নতুন দেশ, নতুন দল এবং নতুন প্রতিযোগিতায় বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার কেমন পারফরম্যান্স করেন, সেটিই হবে টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণ।

 

এসআর

সম্পর্কিত খবর