ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে স্কটল্যান্ড।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচের ২৮তম মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক জন ম্যাকগিন। তার নেওয়া শট দুই দফা ডিফ্লেকশন খেয়ে জালে জড়ালে ম্যাচের একমাত্র গোলটি আসে।
এর আগে স্কট ম্যাকটমিনের একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে যায়।
ম্যাচজুড়ে স্কটল্যান্ড বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও হাইতিও কয়েকবার দ্রুত আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত গোল আদায় করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ক্যারিবীয় দেশটিকে। এই জয়ের মাধ্যমে ১৯৯০ সালের পর বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো জয় পেল স্কটিশরা।
একই গ্রুপের অন্য ম্যাচে ড্র করেছে ব্রাজিল ও মরক্কো। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো।
ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে সুযোগটি কাজে লাগান তিনি। তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত কার্লিং শটে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচ শেষে স্কটল্যান্ড তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কো এক পয়েন্ট করে অর্জন করেছে। পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে হাইতি।
গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামী ১৯ জুন মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড। একই দিনে ব্রাজিল খেলবে হাইতির বিপক্ষে।
এসআর