[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৯২ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ২:৫৬ এএম

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনেক রেকর্ডই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।

তবে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ধারাবাহিকতা এখনও অটুট। বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে দীর্ঘদিন ধরে পরাজয় এড়িয়ে চলেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সর্বশেষ হেরেছিল ১৯৩৪ সালে।

এরপর কেটে গেছে ৯২ বছর, কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আর কোনো পরাজয়ের স্বাদ পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যুগোস্লাভিয়ার বিপক্ষে ২-১ গোলে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্রাজিল। চার বছর পর স্পেনের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় তারা। এরপর থেকেই বদলে যেতে থাকে সেলেসাওদের গল্প।

১৯৩৮ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। এই সময়ে তাদের ঝুলিতে রয়েছে ১৭টি জয় এবং ৩টি ড্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে একসময় বিশ্বকাপ আয়োজন বন্ধ থাকলেও ব্রাজিলের এই রেকর্ডে কোনো ছেদ পড়েনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম পরীক্ষায় সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি খেলেছে মেক্সিকোর বিপক্ষে। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ ও ২০১৪ সালের আসরে উদ্বোধনী ম্যাচেই দুই দলের দেখা হয়েছিল।

চার ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, ওই ম্যাচগুলোতে ১৪ গোল করলেও কোনো গোল হজম করতে হয়নি তাদের।

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিলের এই দীর্ঘ অপরাজিত যাত্রা দলটির ধারাবাহিক সাফল্য ও বিশ্ব ফুটবলে তাদের প্রভাবের অন্যতম উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর