[email protected] শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজারে সাফ বিচ গেমস, ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ ৭:৫৮ পিএম

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক ক্রীড়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সঙ্গে এ বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার কক্সবাজারের কলাতলী বিচে আয়োজিত অনূর্ধ্ব-১৫ জাতীয় বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিচ ফুটবলকে কেন্দ্র করে এই আয়োজন শুরু হলেও ভবিষ্যতে বিচ ভলিবল, বিচ হ্যান্ডবলসহ বিভিন্ন বিচ স্পোর্টসকে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে।

তিনি বলেন, “কিছুদিন আগে চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে দেখেছি বিচ গেমস আয়োজনের জন্য কৃত্রিম সৈকত তৈরি করা হয়েছে। অথচ বাংলাদেশের কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত। এই অনন্য সম্পদকে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে।”

দেশের তরুণ সমাজকে মাদক, অপরাধ ও প্রযুক্তিনির্ভর জীবনধারা থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটি সুস্থ, সচেতন ও দক্ষ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্রীড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব।”

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতে কাজ করছে। সে লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। চলমান আসরের চূড়ান্ত পর্ব আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।

একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর নতুন আসর শুরু হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তারা কক্সবাজারকে আন্তর্জাতিক ক্রীড়া পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরেন।

এর আগে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ জাতীয় বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা—উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিভাগ। পরে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজন বাস্তবায়িত হলে এটি শুধু দেশের ক্রীড়াঙ্গনের জন্য নয়, পর্যটন খাতের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

 

এসআর

সম্পর্কিত খবর