ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই তৈরি হলো নতুন ইতিহাস।
বৃহস্পতিবার মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকাকে।
হুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেজের গোলে জয় নিশ্চিত হলেও ম্যাচের মূল আলোচনায় ছিল মাঠে ঘটে যাওয়া একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনা।
ম্যাচের ৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেপেলো সিথোলে প্রতিপক্ষকে বিপজ্জনক ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এর মধ্য দিয়ে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের ঘটনা দেখা যায়। ৩২ বছর আগে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মার্কো এচেভেরি লাল কার্ড দেখেছিলেন।
এরপর ৮৪ মিনিটে ভিএআরের সহায়তায় দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানেকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে মাঠ থেকে বের করে দেন রেফারি। ফলে ম্যাচের শেষ ভাগে দক্ষিণ আফ্রিকা নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়।
নাটকীয়তার শেষ হয়নি সেখানেই। অতিরিক্ত সময়ে মেক্সিকোর সিজার মন্টেসও সরাসরি লাল কার্ড দেখেন।
প্রতিপক্ষের খেলোয়াড়কে ঝুঁকিপূর্ণ ট্যাকলের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। ফলে ম্যাচ শেষ করে মেক্সিকোও ১০ জন নিয়ে।
তিনটি লাল কার্ডের এই ঘটনা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।
একই সঙ্গে ৩২ বছর পর উদ্বোধনী ম্যাচে লাল কার্ড ফেরার ঘটনাও ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
যদিও স্কোরলাইনে মেক্সিকোর জয় স্পষ্ট ছিল, তবু ম্যাচটি বেশি স্মরণীয় হয়ে থাকবে রেফারির পকেট থেকে বের হওয়া তিনটি লাল কার্ডের জন্যই।
এসআর