[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিরতে পারেন নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ১২:০৮ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের চোট নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর হতে শুরু করেছে। ডান পায়ের কাফের

 চোট থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, যার ফলে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই তার মাঠে নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হওয়ায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তাকে খেলানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

​প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন দেশের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। ব্রাজিল দলের মেডিকেল বিভাগও সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছিল। তবে সম্প্রতি সোমবারের এমআরআই পরীক্ষার ফল আশাব্যঞ্জক এসেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের সুস্থতার অগ্রগতি সন্তোষজনক এবং তিনি চিকিৎসকদের নির্দেশনা মেনে পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছেন।

​যদিও এখনো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে অংশ নেননি, তবুও ব্যক্তিগত ফিটনেস ট্রেনিং ও জিম সেশনের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে তারা কোনো তাড়াহুড়া করতে চান না, তবে প্রথম বা দ্বিতীয় ম্যাচেই তাকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরতে যাওয়া নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগকে শক্তিশালী করার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্যে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে।

এসআর

সম্পর্কিত খবর